কে হাসবে শেষ হাসি? উরুগুয়ে নাকি ভিনিসিয়ুস বিহীন ব্রাজিল?
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ভিনিসিয়ুস বিহীন ব্রাজিল। আগামীকাল (রবিবার) সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে সেলেসাওরা। অন্যদিকে একই সুযোগ মার্সেলো বিয়েলসার উরুগুয়েরও।বিশ্বকাপের পর থেকেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। চলমান কোপা আমেরিকায়ও দাপুটে ফুটবল খেলতে পারেনি দরিভাল জুনিয়রের শিষ্যরা। ৩ ম্যাচের মধ্যে ১ জয়ের বিপরীতে ড্র করেছে ২টি। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। তবে রদ্রিগো-লুকাস পাকেতাদের ফুটবল সমর্থকদের মন ভরাতে পারছে না।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচে দলের অন্যতম সেরা তারকাকে পাচ্ছে না ব্রাজিল। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এই ম্যাচে দর্শকের ভূমিকায় থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে দলটা ব্রাজিল বলে খুব একটা ভাবছেন না সমর্থকরা, ঘুরে দাঁড়ানো তো ব্রাজিলের ডিএনএতেই। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে মাঠে নামার আগে উরুগুয়েকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের লেফটব্যাক ওয়েন্ডেল।
তিনি বলেছেন, “উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আমরা শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হব। তবে তারাও বাজিলের ফুটবলের শক্তি দেখতে পাবে। আমরা কোনো ম্যাচ এখনো হারিনি। দুই ড্রয়ের বিপরীতে একটিতে জিতেছি। আমরা টুর্নামেন্টে এখনো অপরাজিত”
তবে রদ্রিগো-রাফিনিয়াদের জন্য ম্যাচটা একদম সহজ হবে না। চলমান কোপা আমেরিকায় দুর্দান্ত ফুটবল খেলছে দারউইন নুনিয়েজ-রোনালদ আরাউহোরা। ৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ৯ গোল দেওয়ার বিপরীতে মাত্র ১টি গোল হজম করেছে তারা। ব্রাজিলের বিপক্ষে তাদের সবশেষ দেখায়ও জয় নিয়েই মাঠ ছেড়েছিল বিয়েলসার শিষ্যরা। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অনেকেই তো উরুগুয়েকেই ফেভারিট মানছেন।
তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। দুই দলের ৭৯ বারের দেখায় ৪০টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। অন্যদিকে উরুগুয়ের জয় ২২টি, ড্র হয়েছে ১৭টি ম্যাচ। কোপা আমেরিকায় দুই দলের জয়ের পাল্লা সমান। ২৬ বারের দেখায় দুই দলেই জিতেছে ৯টি করে ম্যাচ, বাকি ৮টি হয়েছে ড্র।
কোপা আমেরিকার কোয়ার্টার ও সেমিফাইনালে অতিরিক্ত সময় নেই। ৯০ মিনিট শেষেই টাইব্রেকারে গড়াবে ম্যাচ। তাই ৯০ মিনিটের মধ্যেই ফল নিয়ে আসতে চাইবে দুই দল।
এখন দেখার অপেক্ষা, উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারে কিনা ভিনিসিয়ুসবিহীন ব্রাজিল।
Comments
Post a Comment