ফাইনালের ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন আনহেল দি মারিয়া।
কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ের সাফল্যে অন্যতম অবদান তার। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে দি মারিয়ার গোলেই ২৮ বছর পর কোপা জেতে আর্জেন্টিনা। সবশেষ বিশ্বকাপ ফাইনালেও ছিল দি মারিয়ার গোল। আরও একটি ফাইনালের আগে সতীর্থদের পাশেই পাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
ক্যারিয়ারের পুরোটা সময় লিওনেল মেসির সাথে জাতীয় দলে খেলেছেন দি মারিয়া। তিনি বিদায় বলে দিলেও এখনি আর্জেন্টিনার জার্সি তুলে রাখছেন না মেসি। ফাইনালের আগে নিজের অবসরের চিন্তা না করে বরং সতীর্থ দি মারিয়াকে নিয়েই ভাবছেন আর্জেন্টাইন অধিনায়ক।
দি মারিয়ার অবসরের প্রসঙ্গে মেসি বলেন, “সে (দি মারিয়া) এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আমরা এখন সবকিছুই উপভোগের চেষ্টা করি, আগে যেসব মুহূর্তকে পাত্তা দিইনি সেগুলোও। সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ। জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশেই আছি”
ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। হামেস রদ্রিগেজরা টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে দলটি। ফাইনালের আগে কলম্বিয়ার বেশ প্রশংসা করেছেন মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “এই দলটা (কলম্বিয়া) ভালো। দারুণ কিছু খেলোয়াড় আছে। আক্রমণেও দ্রুতগামী ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে”
বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর ট্রফি জেতার সুযোগ মেসি-দি মারিয়াদের সামনে। আরও একটি ফাইনালের আগে নিজেদের শান্তই রাখছেন আর্জেন্টাইন ফুটবলাররা।


Comments
Post a Comment