রাত সাড়ে ১০টায় গানারদের প্রতিপক্ষ বোর্নমাউথ। এর আগে রাত ৮টায় ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেবে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড
শীর্ষে উঠার হাতছানি নিয়ে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে আর্সনাল। রাত সাড়ে ১০টায় গানারদের প্রতিপক্ষ বোর্নমাউথ। এর আগে রাত ৮টায় ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেবে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও চাকরি নিয়ে চিন্তিত নন রেড ডেভিল কোচ। সিরি আয় ভিন্ন ম্যাচে লড়বে দুই জায়ান্ট এসি মিলান ও জুভেন্টাস। আর লা লিগায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সেল্টা ভিগো। তবে লস ব্লাঙ্কোদের অস্বস্তির নাম কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।
এখন ম্যান ইউর প্রায় প্রতি ম্যাচেই আলোচনায় থাকেন এরিক টেন হাগ। যতটানা রেড ডেভিলদের পারফরমেন্সের কারণে। তার চেয়েও বেশি তার চাকরি হারনোর গুঞ্জন নিয়ে। ব্রেন্টফোর্ড ম্যাচের আগেও উঠলো সেই রব। হারলেই শেষ ওল্ড ট্র্যাফোর্ডে টেন হাগ অধ্যায়। তবে এসব নিয়ে ভাবতে নারাজ ডাচ ট্যাক্টিশিয়ান।
ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, এসব আলোচনা শুধু মিডিয়াতেই শোনা যায়। যার কোনো ভিত্তি নেই। ক্লাবের পরিস্থিতি শান্ত। সবাই ঐক্যবদ্ধ। আমরা আমাদের পরিকল্পনায় অবিচল। সাফল্যের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
টেন হাগ যতই দাবি করেন, পরিস্থিতি অনুকূলে নেই ম্যান ইউর। সাত ম্যাচে মাত্র দুই জয়ে লিগ টেবিলের ১৪তে নেমে গেছে রেড ডেভিলস। করেছে মাত্র ৫ গোল। এমনকি প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড রয়েছে তাদের চেয়ে তিন ধাপ উপরে।
প্রতিপক্ষ বোর্নমাউথের বিপক্ষে শেষ ১৬ দেখায় মাত্র একবারই হেরেছে গানার্স। সেটাও ছয় বছর আগে। দু’দলের শেষ নয় দেখায় আটবারই জিতেছে আর্সেনাল। ইনজুরিতে অধিনায়ক মার্টিন ওডিগার্ডকে মিস করলেও ফিরতে পারেন বুকায়ো সাকা।
লা লিগায় কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের অস্বস্তি নিয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির ছুটিতে সুইডেন ভ্রমণে গিয়ে বিপাকে ফরাসি তারকা। যদিও সেই অভিযোগ আপাতত আমলে নিচ্ছেন না লস ব্লাঙ্কো বস কার্লো আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু দেখতে চাই, মাঠে সে কি করে। এমবাপ্পের ছুটি ছিল এর বেশি জানিনা। আর হাওয়ায় উড়ে বেড়ানো গুঞ্জন নিয়ে মাথা ঘামাতে চাই না।
বার্সেলোনার সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান ঘুচাতে পারলেও শীর্ষস্থান দখলে নেয়া প্রায় অসম্ভব রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে এরই মধ্যে গোল ব্যবধান দাঁড়িয়েছে ৯ এ। ইনজুরি কাটিয়ে ফিরতে প্রস্তুত দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও এদের মিলিতাও।

Comments
Post a Comment